নিজস্ব প্রতিবেদক
রোববার (২৮ নভেম্বর) কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ—নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রচারণা শেষ করেছে প্রার্থীরা। মন জয় করতে দিন—রাত ভোটারদের দ্বারে দ্বারে যাওয়াও শেষ করেছে তাঁরা। এখন দেখার বাকি কে হচ্ছেন উপ নির্বাচনে কাউন্সিলর বিজয়ী।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ১২নং ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৬৩৮৩ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৩৬৩৭ জন, মহিলা ভোটার ২৭৪৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ২টি ও নির্বাচনী বুথ রয়েছে ১৪টি। তারমধ্যে লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোটার নং ৩২০৮ জন এবং কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৭৫ জন।
প্রাপ্ত তথ্যমতে, এখানে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, জেলা আওয়ামী লীগের উপ—প্রচার সম্পাদক এম.এ মনজুর ও বিএনপি সমর্থক শহীদুল ইসলাম শহীদ।
কাজী মোস্তাক আহমদ শামীম প্রয়াত কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর বড় ভাই। এলাকায় কাউন্সিলর বাবুর ব্যাপক সুনাম রয়েছে। তিনি দায়িত্বপালন কালে এলাকার উন্নয়ন করেছেন। সদালাপি ভাল লোক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও রয়েছে পারিবারিক ঐতিহ্য। কাজী মোস্তাক আহমদ শামীম পাঞ্জামী প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একই ওয়ার্ডে আওয়ামী লীগের জেলা উপ—প্রচার সম্পাদক এম এ মনজুর প্রার্থী হয়েছেন। তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ডালিম প্রতীক নিয়ে তিনি ব্যাপক প্রচারণা শেষ করেছেন। একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে তিনি এলাকায় পরিচিত। স্থানীয়রা জানান, এম এ মনজুর একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি সব সময় মানুষের সুখে—দুঃখে ছিলেন। কোনদিন কারও ক্ষতি করেননি।
অপরদিকে সাবেক ছাত্রলীগ নেতা আনসারুল করিমের প্রতীক (ব্লাকবোর্ড)। বিগত ৩ বছর ধরে তিনি মাঠে রয়েছেন। শহরব্যাপী ফ্রি—চিকিৎসা ক্যাম্প করে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূলে ওষুধ দিয়েছেন। এ নিয়ে ব্যাপক প্রশংসিত হন তিনি। এছাড়া গণমানুষের সাথে তাঁর উঠাবসা রয়েছে দীর্ঘদিন ধরে। বনেদি পরিবারের সন্তান হওয়ায় তিনিও ভোটে ফ্যাক্টর হতে পারেন।
এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জিসান উদ্দিনে ছোট ভাই শহীদুল ইসলাম শহীদ উঠ পাখি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। ইতোমধ্যে তিনিও একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জিসান উদ্দিন জিসানের জনপ্রিয়তা ও বিএনপি ভোট ব্যাংকের কারণে তাঁকেও ভাল নজরে দেখছেন অনেকেই।
প্রার্থীদের ভোট ব্যাংকের হিসেব বদলে দিতে পারে যুবলীগ নেতা ফরিদুল আলম (টেবিল ল্যাম্প) ও সোহেল আরমান (ব্রীজ)।