• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মামলা নিয়ে বাবা-ছেলের ব্যবসা: কক্সবাজারে পতিতা মজুদেই মাসে লাখের উপরে কটেজ ভাড়া

নিজস্ব প্রতিদেক / ৭০৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
রোস্তম ও শুভ।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে লাইট হাউজস্থ কটেজ জোন। কটেজ জোনের একটি আলোচিত কটেজ হল ‘আমির ড্রীম’। যে কটেজটি শুরু থেকেই পতিতা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রয়েছে। পতিতা ব্যবসা ও ইয়াবা সেবনের আড্ডাস্থল হিসেবে আমির ড্রীম কটেজটি অনেকের কাছে পরিচিত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে কটেজটি অপরাধীদের আস্তানা হিসেবে চিহ্নিত। বহুবার এই কটেজে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দর আটক করেছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তবুও বন্ধ হয়নি এই কটেজের অপরাধ। বরাবরের মতোই কটেজটিতে মজুদ রাখা হয় পতিতা। পতিতাদের ডেরা হিসেবে ওই এলাকায় বেশ খ্যাতি রয়েছে আমির ড্রীমের। শুধু মাত্র পতিতা মজুদ রেখেই ব্যবসা করার জন্য প্রতিমাসে কটেজের মালিককে ভাড়া দিতে হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

কক্সবাজার শহরের আলোচিত রোস্তম নামে একব্যক্তি দুই বছরের জন্য কটেজটি ভাড়া নেন। গত এক বছর আগেই প্রায় ৮ লাখ টাকার সেলামি নিয়ে আমির ড্রীম ভাড়া নেন রোস্তম। ওই কটেজে প্রায় ১১ টি রুম রয়েছে বলে জানা গেছে। প্রতিমাসে রোস্তমকে কটেজের ভাড়া পরিশোধ করতে হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মতো। আমির ড্রীম কটেজটির মালিক পিএমখালী এলাকার বদিউল আলম নামে একব্যক্তির। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতাও বলে জানা গেছে। বদিউল আলমের কাছ থেকে কটেজটি ভাড়া নেন বলে জানান রোস্তম।

অনুসন্ধানে জানা গেছে- আমির ড্রীম কটেজে তেমন কোন পর্যটক রাত্রী যাপন করে না। শুধু মাত্র পতিতা মজুদ করে ব্যবসা করার জন্য কটেজ ভাড়া নেন রোস্তম। ভাড়া নেওয়ার পর থেকে অধিকাংশ রুমে মজুদ রাখা হয় পতিতা। চলে নিয়মিত দেহ ব্যবসাও। এসব পতিতা ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য জামাল নামে একজন ম্যানেজারও রাখা হয়েছে আমির ড্রীমে। জামাল গোমাতলী এলাকার বাসিন্দা। তবে এই যৌন ব্যবসায় জামাল বেশ অভিক্ষ বলেও জানা গেছে।
এদিকে আমির ড্রীম কেন্দ্রিক রয়েছে একডজন দালাল। যারা নিয়মিত আমির ড্রীমে খদ্দর পৌঁছে দেন এবং পতিতা সরবরাহ দেন। এরমধ্যে রয়েছে আমান উল্লাহ, রফিক, আমিন, আবু তাহের ও শামসু। যারা নিয়মিত রোস্তমের সাথে পতিতা ব্যবসায়ে জড়িত রয়েছে।

একটি সূত্রে জানা গেছে- রোস্তমের সাথে এই ব্যবসায়ে পরোক্ষভাবে সহযোগিতায় রয়েছে তার ছেলে শুভ। আমিন ড্রীমে প্রায় সময় টাকা নিতে যান শুভ। রোস্তমের ছেলে শুভর বিরুদ্ধেও রয়েছে মাদকের অভিযোগ। করে ইয়াবা কারবার। প্রায় চার বছর আগে কক্সবাজার শহরে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল শুভ। শুভকে আটকের সময় পালিয়ে রক্ষা পান বাবা রোস্তমও। ওই মাদক মামলায় দীর্ঘদিন কারাগারেও ছিল শুভ। এরপর জেল থেকে বের হয়ে দেখভাল করেন বাবার পতিতা ব্যবসা। বর্তমানে বাবা-ছেলে মিলেমিশেই নিয়ন্ত্রণ করছে পতিতা ব্যবসার কর্মকান্ড। এছাড়া রোস্তমের বিরুদ্ধে রয়েছে মানব পাচারের মামলা। কয়েক মাস আগে আমির ড্রীমে অভিযান চালিয়েছিল ডিবি পুলিশ। ওই সময় কটেজ থেকে পতিতা ও খদ্দর আটক করা হয়েছিল। ওই ঘটনায় রোস্তমের নামে মানব পাচার মামলাও দায়ের করা হয়। মামলা মাথায় নিয়ে বাবা-ছেলে দুইজনেই নিয়ন্ত্রণ করছে পতিতা ব্যবসা।

শুধু আমির ড্রীমে পতিতা ব্যবসা নয়; রোস্তমের পতিতা ব্যবসা রয়েছে শহরের লালদীঘির পাড়স্থ আলোচিত পাঁচতারা হোটেলও। কটেজ জোনে এক বছর ধরে পতিতা ব্যবসা করলেও পাঁচতারা হোটেলে তার পতিতা ব্যবসা বেশ পুরানো। পাঁচতারা হোটেলে ম্যানেজার রয়েছে নুরুচ্ছফা নামে একব্যক্তি। ম্যানেজার নিয়োগ করে দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে রোস্তম।

কটেজ জোনের কয়েকজন দোকানদার বলেন- অপরাধীদের আস্তানা ও পতিতা মজুদের জায়গা হল আমির ড্রীম। এই কটেজে কোন পর্যটক রাত্রী যাপন করে না। এমনকি পর্যটকও থাকেনা। শুধু মাত্র পতিতা মজুদ করে দেহ ব্যবসা চলে আমির ড্রীমে। নিয়মিত খদ্দরের যাতায়ত এই কটেজে। সবসময় পতিতা ও খদ্দরের ভীড়। আমির ড্রীমে কি চলে এটা সবাই জানে। এমনকি পুলিশ ও ডিবিও জানে। বহুবার আমির ড্রীমে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দর আটক করা হয়েছিল। কিন্তু এই ব্যবসা থেমে নেই। একদিকে আটক করলে অন্যদিকে চলে ব্যবসা। প্রতিটি রুমে কয়েকজন করে পতিতা মজুদ রাখা হয় নিয়মিত। বিষয়টি এক প্রকার প্রকাশ্যে। পতিতা ব্যবসা ছাড়াও নিয়মিত চলে মাদক সেবনও। নাছির নামে একব্যক্তি মাদক সেবনের আস্তানা হিসেবে আমির ড্রীম কটেজে নিয়মিত অবস্থান করে।

একটি সূত্রে জানা গেছে- স্থানীয় কিছু যুবককে প্রতি সপ্তাহের শুক্রবারে মাসোহারা দিয়ে রোস্তম এই অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নিয়মিত দেন চাঁদাও। এছাড়া ট্যুরিস্ট পুলিশের এক সদস্যও নিয়মিত যান সেখানে। দেন নির্দিষ্ট মাসোহারাও। অভিযান না চালানোর মর্মে ট্যুরিস্ট পুলিশের ওই সদস্যকে মাসোহারা দেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে রোস্তম বলেন- আমির ড্রীম কটেজটি বদিউল আলমের কাছ থেকে ভাড়া নিয়েছি দুই বছরের জন্য। তবে কত টাকা মাসিক ভাড়া ও সেলামি দেওয়া হয়েছে; এমন প্রশ্নে তিনি মোবাইলে উত্তর দিতে রাজি নন। আমির ড্রীমে পতিতা ব্যবসার কথাটি তিনি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন- ওই কটেজ জোনে ৮ থেকে ১০টি কটেজের বিষয়ে অনেক নিউজ হয়েছিল।

শুভ ছেলে কিনা জানতে চাইলে রোস্তম বলেন- শুভ আমার ছেলে। যে প্রায় সময় ছাত্রলীগ নেতা মারুফের সাথে থাকে। সুন্দর করে একটি মোটর সাইকেল নিয়ে। ছেলের মামলার বিষয়ে তিনি বলেন- এটি আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। তখন আমি ও আমার ছেলে একসাথে ছিলাম হোটেল সী-কুইন এরপর পাশে। পুলিশ দৌড়ে এসে আমার ছেলেকে ধরলে, তখন আমি পালিয়ে যায়। পরে আমার ছেলেকে কোর্ট থেকে নিয়ে নেওয়ার কথা বলেছিল পুলিশ। কিন্তু ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট দিয়ে চালান দেন। এটি শক্রতা ছাড়া আর কিছুই নয়। এক পর্যায়ে তিনি তার সাথে দেখা করার কথা বলেন।

এবিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন- কটেজ জোনে অপরাধ দমন ও অবৈধ কর্মকান্ড বন্ধ করতে কয়েক বার অভিযান চালানো হয়েছিল। এসময় অনেকজনকে আইনের আওতায় আনা হয়। দ্রুত সময়ে সেখানে আবারো অভিযান চালানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন