নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়ায় আরএফ বিল্ডার্স নামে এক ডেভলপার কোম্পানির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম। তিনি শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ভূমির মালিক। হোটেলটি তৈরি করেছে আরএফ বিল্ডার্স।
নুরুল আলম দাবি করেন, দীর্ঘদিনেও ফ্ল্যাট বুঝে না দিয়ে গত ৮ নভেম্বর রাতে জোর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে ডেভলপার কোম্পানি। এ সময় বাধা দিলে সন্ত্রাসী নিয়ে হামলা চালায় তাদের ওপর। পরে জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আরএফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর ফারুক ও ইমরান ফয়সাল এবং আরএফ বিল্ডার্সের কর্মকর্তা শেখ আব্দুল্লাহকে আটক করে।
এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাড. নুরুল আলম। হাজী দেলোয়ার হোসেন জামিন পেলেও বাকিরা এখনও কারাগারে আছেন।
কারাগার থেকে বের হয়ে ভূমি মালিকদের প্রাণনাশের হুমকি এবং পুলিশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন অ্যাড. নুরুল আলম।
অ্যাডভোকেট নুরুল আলমের অভিযোগ, ৪ বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার চুক্তি করে ২০০৮ সালে কলাতলীতে তাদের জমিটি নিয়েছিল আরএফ বিল্ডার্স। কিন্তু সাড়ে ১৩ বছরেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ডেভলপার কোম্পানি। এই ডেভলপার কোম্পানির মালিক হাজী
দেলোয়ার প্রতারণার মাধ্যমে ভূমি মালিকদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে যাচ্ছেন। ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য জোরাজোরি করলে তাদের উপর হামলা চালানো হয় ও হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশরাফুল আলম, জাহানারা বেগম, মনসুর আলম, খোরশেদ আলম, জাহেদ রেজা প্রমুখ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাজী দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।