কক্সবাজার অফিস
কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মুনাফ সিকদারসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মোনাফকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বুধবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে সুগন্ধায় ভ্রাম্যমাণ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মুনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান শহর যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
গুলিবিদ্ধ মুনাফ সিকদার (৩২) শহরের পেশকার পাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)।
প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন বলেন, মুনাফ সুগন্ধায় ভ্রাম্যমাণ মার্কেটের সামনে মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে একজন যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এছাড়াও আশপাশে কয়েক রাউন্ড গুলি চালায় সে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামরা চেক করলে তাকে চিহ্নিত করা যাবে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।