• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

কক্সবাজারে অবৈধ ভবন নির্মাণ: গণপূর্ত কর্মকর্তার উপর হামলা করেও বহাল তবিয়তে দিদার

নিজস্ব প্রতিদেক / ২১৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
কক্সবাজারে গণপূর্তের জমিতে অবৈধভাবে 'ড্রীম গেস্ট ইন' নামে বহুতল হোটেল নির্মাণ অব্যাহত। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার গণপূর্ত বিভাগীয় কার্যালয় সংলগ্ন কো-অপারেটিভ হাউজিং এলাকায় শরণ বহুমুখী সমবায় সমিতির প্লটের নামে গণপূর্তের জমিতে অবৈধভাবে ‘ড্রীম গেস্ট ইন’ নামে বহুতল হোটেল নির্মাণ করছেন দিদারুল আলম নামের এক ব্যক্তি। ইতিপূর্বে গণপূর্তের জমিতে অবৈধভাবে হোটেল নির্মাণে বাধা দিলে খোদ গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ কয়েকজন কর্মচারীর উপর হামলা চালান দিদারুল আলম।

ওই ঘটনায় ২০১৯ সালের ১৫ মে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম.এ জাহিদ অপু। ঘটনার পর দুই বছর নির্মাণ কাজ বন্ধ রেখে গত এক মাস ধরে ফের নির্মাণ কাজ শুরু করেন তিনি। ১০/১৫ জন শ্রমিক দিয়ে প্রকাশ্যে হোটেলের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন দিদারুল।

এ বিষয়ে জানতে চাইলে দিদারুল আলম মোবাইল ফোনে বলেন, ‘এসব বিষয়ে সাংবাদিকদের কাজ কি? সরকারি জায়গা সরকার বুঝবে।’ এক পর্যায়ে তিনি বলেন, ‘গণপূর্ত ও কউক এর সাথে সমঝোতা করে মামলা নিষ্পত্তি করে হোটেল নির্মাণ কাজ এগিয়ে নেয়া হচ্ছে।’ তিনি এ প্রতিবেদককে একসাথে বসারও আমন্ত্রণ জানান।

দিদারুল আলমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মামলার বাদি ও গণপূর্ত কক্সবাজার কার্যালয়ের তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম.এ জাহিদ অপু বলেন,’সরকারি সম্পদ রক্ষায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এছাড়া এটি একটি সরকারি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এসব বিষয়ে সমঝোতার কোন সুযোগ নেই।’

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে গণপূর্ত বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ বলেন,’আমি নতুন হওয়ায় বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত বিভাগীয় কার্যালয় কক্সবাজার সংলগ্ন কো-অপারেটিভ হাউজিং এলাকায় শরণ বহুমুখী সমবায় সমিতির নামে এখনো কোন জমির লিজ দলিল সম্পাদনা হয়নি। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান। এ অবস্থায় গণপূর্তের জমিতে অবৈধভাবে ‘ড্রীম গেস্ট ইন’ নামে বহুতল হোটেল ভবন নির্মাণ করে আসছে উখিয়া উপজেলার রুমখা বাজার পাড়ার মৃত আবদুর রহিম এর পুত্র দিদারুল আলম। বাধা দিতে গেলে গণপূর্তের কর্মকর্তা-কর্মচারীদের উপর লোকজন নিয়ে হামলা চালান দিদারুল।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম.এ জাহিদ অপু। ওই মামলায় দিদারুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরও নির্মাণ কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন