• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

আমন সংগ্রহে গাফিলতি মেনে নেওয়া হবে না : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৭২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আমন সংগ্রহে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজের অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ অগ্রগতি’ সংক্রান্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের পর্যালোচনা সভায়’ তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। সরকার এবছর আমন ধান ও চালের যৌক্তিক দাম নির্ধারণ করেছে।

আমন সংগ্রহ অভিযান সফল করতে খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে কৃষক যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের যত্নবান হতে হবে।

সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আমন সংগ্রহ অভিযান সফল করা কষ্টসাধ্য হবে উল্লেখ করে তিনি দ্রুত কর্মকর্তাদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের আমন ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা খাদ্য অধিদফতরে পাঠানোর জন্য নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, বেশ কিছু জেলায় সংগ্রহ অভিযান সন্তোষজনক এবং সেসব জেলায় নতুন করে ইতোমধ্যে আরো বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চালের গুণগতমান ভালো না হলে সে চাল যেন খাদ্য গুদামে না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পাইকারি বাজারের পাশাপাশি মিল গেট, আড়ৎ ও খুচরা বাজারেও মনিটরিং বাড়াতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মজিবুর রহমান ও অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নান সভায় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তা, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও মিল মালিক প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন