ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার খাবলান বনাঞ্চলে অভিযান শুরু করেছে। ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে এমন তথ্য জানায় সেখানের গ্রামবাসী। এরপরই বড় ধরনের চিরুনি অভিযান শুরু করে তারা। পূর্ব সতর্কতা হিসেবে থানমান্ডি-রাজৌরি সড়কটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও পিরপাঞ্জাল অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আজকের এ অভিযানটি তারই অংশ বলে জানা গেছে।
দেশটির কর্মকর্তাদের একটি সূত্র জানিয়েছে, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গতকাল এমন তথ্য জানায় গ্রামবাসী। ধারণা করা হচ্ছে যেসব বিচ্ছিন্নতাবাদীরা এর আগে ভারতীয় সেনা সদস্যদের হত্যা করেছে তারাই এখানে অবস্থান করছে।
১১ অক্টোবর সুরানকোট বনে অভিযান শুরু হয়। গত ২৭ দিন ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত দুইজন কর্মকর্তাসহ ৯ সেনা নিহত হয়।
জম্মু-কাশ্মীরে সবচেয়ে দীর্ঘতম অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। তবে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। বরং বিচ্ছিন্নতাবাদীরা জঙ্গলের মধ্যে শক্ত অবস্থান নিয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের কাছে পৌঁছে যাওয়ায় গত রাতে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এ ঘটনার পর এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে গত মাসে দুইবার এই এলাকা পরিদর্শন করেছেন। জম্মু ও কাশ্মীরে চলমান সংঘর্ষের স্থানে ভারতীয় কোনো সেনা প্রধানের এটাই প্রথম পরিদর্শন।
কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই এলাকার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন।