এম জাহেদ চৌধুরী :
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা পেতে দুই উপজেলার ৭০ জন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংঘটনের নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। তাদের সঙ্গ দিতে আরো শতাধিক নেতাও রাজধানীতে গেছেন।
দলীয় সূত্র জানায়, এই দুই উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের প্রতীক রোববার (২৪ অক্টোবর) দেয়ার কথা থাকলেও অন্যান্য বিভাগের প্রার্থী বাছাই বিলম্ব হওয়ায় ২৫ অক্টোবর (সোমবার) চট্টগ্রাম বিভাগের সাথে চকরিয়া ও পেকুয়ার প্রার্থী বাছাই করে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এই দুই উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষদিন ২ নভেম্বর।
চকরিয়ার ১৮ টি ইউনিয়নের মধ্যে ১০ টি যথাক্রমে কাকারা,লক্ষ্যারচর,কৈয়ারবিল, সাহারবিল,পূর্ব বড় ভেওলা,পশ্চিম বড় ভেওলা, বিএমচর,ঢেমুশিয়া,কোণাখালী ও বদরখালী এবং পেকুয়ার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টি যথাক্রমে পেকুয়া সদর,বারবাকিয়া,শিলখালী,রাজাখালী,মগনামা ও উজানটিয়া ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর।
ইতিপূর্বে পেকুয়ার টৈটং ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চকরিয়ার অপর ৮ ইউনিয়নের নির্বাচন পরবর্তী ধাপে তফসিল ঘোষণা করলে অনুষ্ঠিত হবে।