কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। গত ১৫দিনের মধ্যে প্রায় চুরি হয়েছে অর্ধশতাধিক গরু। প্রতিনিয়ত গরু চুরির মতো ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। যার কারণে গরু চুরের দল আরও বেপরোয়া হয়ে উঠেছে। অদৃশ্য শক্তির কারণে এসব গরু চুরির পিছনে থাকা হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নি:স্ব হচ্ছে অসহায় কৃষক।
সর্বশেষ, বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘীস্থ একটি পেট্টোল পাম্পের পাশ থেকে ৫টি গরু, একটি আগ্নেয়াস্থ ও একটি নাম্বারবিহীন পিকআপ উদ্ধার করেছে পুলিশ। তবে, গরু চুরির সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘীর দক্ষিণ দিক থেকে একটি গরু বোঝাই পিকআপ আসতে দেখলে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে চোরের দল গরু ও নাম্বারবিহীন গাড়ি ফেলে চলে যায়। এসময় ওই গাড়ি থেকে ৫টি গরু, একটি আগ্নেয়াস্ত্র ও একটি নাম্বারবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে জানানো হয়। পরে থানার এসআই মানিকের নেতৃত্বে একদল পুলিশ এসে গরু, আগ্নেয়াস্ত্র ও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গরুগুলো কার এখনও সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে, গত সোমবার (৩ জুলাই) ভোর রাতে একই ইউনিয়নের পুকপুকুরিয়া এলাকার একটি গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে পিকআপে করে নিয়ে যায় চোরের দল। এখনও পর্যন্ত এসব চুরি হওয়া গরু উদ্ধার করতে পারেনি পুলিশ। খামারি জাকের আহমদ বলেন, বসতঘরের এক পাশে তাঁর গোয়াল ঘর। গোয়াল ঘরের দরজা লোহার শিকল দিয়ে তালা লাগানো ছিল। চোরের দল পিকআপ নিয়ে এসে গোয়াল ঘরের দরজার শিকল কেটে চারটি গরুর মধ্যে তিনটি নিয়ে যায়। গরুর পিকআপ গাড়িতে তোলার সময় একটি বাছুর চিৎকার দিলে ঘরের সবার ঘুম ভেঙে যায়। কিন্তু বসতঘরের দরজায় তালা লাগিয়ে দেয়ায় কেউ ঘর থেকে বের হতে পারেননি।
স্থানীয় মসজিদের ইমামসহ প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, পিকআপে গরু ভর্তি করে নিয়ে যাওয়ার সময় লোকজন ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। কিন্তু পিকআপ গাড়ির গতি বেশি থাকায় কেউ আটকাতে পারেননি। কালো রঙের পিকআপ গাড়িটি থেরপাল দিয়ে ঢাকা ও গাড়ির নম্বর প্লেট ঘষামাজা ছিল।
খামারি জাকের আহমদের ছেলে জিয়াবুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গাড়িটি মহাসড়কে উঠে দক্ষিণ দিকে গিয়ে পালাকাটা রাস্তা দিয়ে পৌরসভার দিকে ঢুকে পড়ে। গাড়িটি মগবাজার হয়ে উপজেলা সড়ক দিয়ে থানা মোড় হয়ে পশ্চিম দিকে চলে যায়।
জিয়াবুল হক বলেন, চকরিয়ার উপজেলায় প্রতিদিন কোন না কোন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে চলেছে। কিন্তু এসব গরু চোরদের আটক বা গরু উদ্ধারে আইন-শ্ঙ্কৃলাবাহিনী তেমন কার্যকর অভিযান চালাতেও দেখি নাই। চিহ্নিত কয়েকজন গরু চোরকে জিজ্ঞাসাবাদ করলে চুরি যাওয়া গরুগুলোর সন্ধান পাওয়া যাবে৷ এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫দিনে অন্তত অর্ধশতাধিক গরু ও মহিষ চুরি হয়েছে। এরমধ্যে ১৯টি মহিষও ছিলো। তবে মহিষগুলো উদ্ধার হলেও অধিকাংশ গরু উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজন জানান, এসব গরু চুরির পিছনে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে রাজনৈতিক দলের নেতারা ইন্ধান যোগাচ্ছে বলেও মনে করেন স্থানীয় লোকজন। যার কারণে গরু চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। গরু চুরির কারণে অনেক খামারী ও গরীব কৃষক নি:স্ব হয়ে যাচ্ছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, স্থানীয় জনতার সহায়তায় ৫টি গরু, ১টি আগ্নেয়াস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসব গরু কক্সবাজারের ওদিক থেকেই চুরি করে নিয়ে আসা হচ্ছে বলে ধারনা করেন তিনি। জব্দকৃত গরু,অস্ত্র ও পিকআপ চকরিয়া থানার হেফাজতে রয়েছে। গরু চুরির পিছনে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে।
এই বিষয়ে জানতে চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বারের মোবাইলে বেশ কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।