ডেস্ক রিপোর্ট:
সারা বিশ্বের মতো যুক্তরাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমনকি এদেশে এখন কভিড-১৯-এ মৃত্যুহার সবচেয়ে বেশি। এ ভাইরাস উদ্বেগ ছড়িয়েছে দেশটির রাজপরিবারেও। গত মার্চে করোনা আক্রান্ত হন প্রিন্স চার্লস। যদিও তিনি সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যান।
তবে ৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে রয়েছে বিশেষ উদ্বিগ্নতা। রানীর স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করেই রাজ পরিবার ও রানির সভাসদগণ তার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়েছেন।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের সূত্র মতে, বাকিংহাম প্যালেস থেকে উইন্ডসরে ২২ জন রাজ কর্মচারীকে নিয়ে কোয়ারিন্টনে রাখা হয়েছে রানি এলিজাবেথকে। সঙ্গে রয়েছেন তার স্বামী ৯৮ বছর বয়সী প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গ। এরই মিধ্যে তারা তাদের বিবাহিত জীবনের ৭২ বছর পার করে ফেলেছেন।
রানি আইসোলেশনে তার প্রিয় ও পছন্দের সাহায্যকারীদেরই নিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রানির সঙ্গে আইসোলেশনে থাকা তার ২২ জন কর্মচারীর কেউই আর নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন না, এ শর্ত দেয়া হয়েছে। এর মানে, কভিড-১৯ এর ঝুঁকি ব্রিটেন থেকে বিদায় না নেয়া পর্যন্ত (!) স্বাস্থ্যগত যথাযথ বিধি মেনে চলবেন তারা এবং পরিবারের সদস্যদের থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন থাকবেন।
তথ্যমতে, যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৪০ হাজারের মতো। তাই এই অবস্থায় রানির আইসোলেশনে যাওয়ার বিষয়টি অনেকটা সময়োপোযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন তার সভাসদবর্গ। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয়াই তাদের কাছে এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
বাকিংহাম প্যালেসেই গত মাসে আইসোলেশনে যান রানি। এরপর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করছেন না। তাহলে কীভাবে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছেন ৯৪ বছর বয়সী রানি?
তার সহচরদের ভাষ্য মতে, রানি এলিজাবেথ নাকি খুব দক্ষভাবে স্কাইপেও জুম ব্যবহার করতে শিখে গেছেন। বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে তিনি বেশ সাবলীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রাখছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ এরই মধ্যে ব্রিটিশ রাজ সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্ণ করেছেন। ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি এতো দীর্ঘ সময় রানি হিসেবে বহাল তবিয়তে আছেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত সিংহাসনে আসনে আসীন এলিজাবেথ।
সূত্র: বণিকবার্তা।