রামুর চেইন্দায় অভিযান চালিয়ে এক একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার চেইন্দা বন বিট এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় বেশ কিছু নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়।
বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুর রহমান বলেন, চেইন্দা বনবিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে তাতে স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল জবরদখলকারিরা। নিয়মিত টহলের সময় অভিযান চালিয়ে দুটি স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর বনভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বেশ কিছু নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়েছে।