নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের ৭ পুলিশ কর্মকর্তাকে তুলে নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। তাদেরকে ডিএমপিসহ গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে। এর তিন আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
২১ সেপ্টেম্বর পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বদলী হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে গাজিপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো: মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসবে বদলী করা হয়েছে।
পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর পর কক্সবাজার জেলা পুলিশের সবচেয়ে বড় বদলীর আদেশ এটি। এই বদলীর আদেশে অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) ছাড়া সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের সব কর্মকর্তাকে একযোগে বদলী করা হয়েছে। এর আগে কক্সবাজারের কয়েকজন ওসিকে বদলী করা হয়।