হলিউডের আবেদনময়ী অভিনেত্রী সিডনি সুইনি এবার এক স্পোর্টস বিজ্ঞাপনে সম্পূর্ণ খোলামেলা ও নগ্ন অবতারে হাজির হয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে এসব কটাক্ষের বিপরীতে মুখে কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ছবি পোস্ট করে এক রহস্যময় নীরব জবাব দিয়েছেন ‘দ্য হাউসমেইড’ খ্যাত এই তারকা।
সম্প্রতি স্পোর্টস প্রেডিকশন ও ট্রেডিং প্ল্যাটফর্ম ‘নোভিগ’-এর বিজ্ঞাপনে দেখা মেলে সিডনির। সেখানে কোনো পোশাক না পরে কেবল বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি দিয়ে শরীর ঢেকে ক্যামেরাবন্দী হন তিনি। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। নেটিজেনদের একাংশের অভিযোগ, স্পোর্টস বিজ্ঞাপনে এভাবে নারী শরীরকে পণ্যের মতো তুলে ধরা অপ্রয়োজনীয় ও আপত্তিকর।
সমালোচনার ঝড় উঠলেও সিডনি সরাসরি কোনো বিবৃতি দেননি। উল্টো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র্যাপিনো, রব গ্রঙ্কোস্কি ও জেসন কেলসির মতো তারকাদের ছবি একের পর এক শেয়ার করতে থাকেন। অতীতে এই ক্রীড়াতারকারাও খেলাধুলাভিত্তিক বিভিন্ন ফটোশুটে খোলামেলা পোশাকে অংশ নিয়েছিলেন। সিডনির এই নীরব প্রতিবাদকে নেটিজেনরা সমালোচকদের প্রতি পরোক্ষ চড় হিসেবেই দেখছেন।
তবে শুধু সাধারণ দর্শকই নন, বিজ্ঞাপনে নারী শরীরকে যৌন উপাদান হিসেবে ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়াজগতের তারকারাও। চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ানে টিটমাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারী খেলাধুলাকে যৌনতার মোড়কে তুলে ধরার এই মানসিকতা এখন বন্ধ হওয়া উচিত। এটি নারী ক্রীড়াবিদদের দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার প্রতি চরম অপমান।’ তার সঙ্গে সুর মিলিয়ে ওয়াটার পোলো তারকা টিলি কার্নসও বিজ্ঞাপনটির তীব্র সমালোচনা করেছেন।
অবশ্য বিতর্কের মুখে অভিনেত্রী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে। সিডনি জানান, প্রচারণার মূল লক্ষ্য ছিল স্পোর্টস নিয়ে একটি মজাদার আইডিয়া উপস্থাপন করা। বিজ্ঞাপনের সৃজনশীল ভাবনায় তিনি নিজেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠানটির ইকুইটি পার্টনার হয়েছেন। নোভিগের সিইও জ্যাকব ফোর্টিনস্কি দাবি করেন, বিনোদন জগতের কোলাহল ছেড়ে খেলাধুলার দিকে মনোযোগ ফেরাতেই সিডনি এই উদ্যোগে শামিল হয়েছেন।