কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় দূর্গম চিলখালী চিংড়ী জোন এলাকায় কৌশলী অভিযান চালিয়েছে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র, বিপুল বুলেট ও কার্তুজ, সেনাবাহিনীর নকল ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
এসময় অস্ত্র ভাড়াদানকারী ও ডাকাত দলের কাছে বিক্রয়ে নিয়োজিত চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার মধ্যরাত ১২ টা থেকে শনিবার ভোররাত ৪ টা পর্যন্ত র্যাব- ১৫ এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্রেপ্তার করা হয়, কক্সবাজারের চকরিয়ার নলবনিয়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন(৪৩), দরগাপাড়া এলাকার মৃত ডাক্তার আব্দুল মোতালিবের মো. আব্দুল হাসিম(৩৫), মেধাকচ্ছপিয়া এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে জুলফিকার আলি ভুট্টো(৪৮), পূর্ব হাজি পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সেলিম(২৮), গর্জনতলী এলাকার মোহাম্মদ হোসনের ছেলে সাহাব উদ্দিন(৩২), ঈদগাঁও উপজেলার শিয়াপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাহাবুব তৈয়ব (৬৪), বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগরের মৃত নজরুল মিয়ার ছেলে নূর ইসলাম(৫০)।
তাদের কাছ থেকে উদ্ধার হয়, ২ টি একনলা বন্দুক, ১ টি কাটা রাইফেল, ১টি এলজি, ১ টি এয়ার রাইফেল, ২ রাউন্ড মেশিনগানের বুলেট, ১০ রাউন্ড রাইফেলের বুলেট, এগারো রাউন্ড ১২ বোর কার্তুজ, ৮৯ রাউন্ড এয়ার রাইফেল বল, ১ টি রাম দা, ১ সেট সেনাবাহিনীর নকল ইউনিফর্ম, একটি বাইনোকুলার, ৮ টি মোবাইল ফোন, ১০ টি সিম কার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, চকরিয়া ও মহেশখালী থানাসহ উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সশস্ত্র ডাকাত দলের নিয়মিত তৎপরতার প্রেক্ষিতে সশস্ত্র ডাকাত দলের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেপ্তার প্রচেষ্টার পাশাপাশি তাদের অস্ত্রের উৎস খুঁজে বের করতে অনুসন্ধানে নামে র্যাব-১৫। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ জানতে পারে, চকরিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ছিলখালির ঘরবসতিহীন সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থান করে একটি চক্র টাকার বিনিময়ে বিভিন্ন ডাকাত দলের কাছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়মিত ভাড়া দিয়ে থাকে এবং বিক্রি করে । স্থলপথ না থাকায় অপরিচিত কোনো মানুষ ওই এলাকায় ঢুকলেই ডাকাতদলের কাছে তথ্য চলে যায়। ফলে তারা গা ঢাকা দেয়। শুক্রবার মধ্য রাতে লবণের বড় নৌকার পাটাতনে লুকিয়ে ডাকাতদের সেই আস্তানায় অতর্কিত অভিযান চালায় র্যাবের আভিযানিক টিম।
ফলে র্যাব-১৫ এর কৌশলী অবস্থানের কারণে গুলি ছোড়ার কোন সুযোগ পায়নি অপরাধীরা। হঠাৎ র্যাবের উপস্থিতি দেখে হতবিহ্বল হয়ে পড়ে তারা। এতে সহজেই ৭ অপরাধীকে গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা যায়। চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার বলেন, ‘শনিবার (৮ জুলাই) দুপুরে র্যাবের পক্ষ থেকে অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করার বিষয়ে এলটি এজাহার দিলে তা মামলা হিসেবে দায়ের করা হয়েছে।