জয়নাল উদ্দিন:
কক্সবাজারের চকরিয়া থেকে ১৯১টি চোরাইকৃত স্মার্টফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃরা হলেন- চকরিয়ার বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) এবং বরইতলী ইউনিয়নের বাণিয়া ছড়া এলাকার শাহজাহানের পুত্র তাহের। গত বুধবার কক্সবাজারের চকরিয়ার শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম ১, লাইভ টেলিকম ২ ও লাইভ টেলিকম ৩ নামে মোবাইলের দোকান থেকে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস।
অলক বিশ্বাস জানান, আটকরা দীর্ঘদিন ধরেই চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করেছে। এসবের সাথে অন্য কোনো সিন্ডিকেট জড়িত কিনা তা রিমান্ডে এনে খতিয়ে দেখা হবে। আটকদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে এর আগেও এই ধরণের কর্মকান্ডের জন্য সাইফুল ইসলাম আটক হয়েছিল বলে জানান তিনি।