ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ে সংসদ সদস্য জাফর আলম ও তার পরিবারকে হাজির হতে চিঠি দিয়েছে দুদক।
দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম ও তাদের মেয়ে তানিয়া আফরিন এবং ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনকে (তুহিন আলম) হাজির হতে বলা হয়ছে।
নির্দিষ্ট সময়ে হাজির না হলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলেও চিঠিতে বলা হয়েছে।
কিন্তু রোববার দুপুরে দুদক কার্যালয়ে আসছেন না সাংসদ জাফর ও তার পরিবার। তারা আগামী ২০ সেপ্টেম্বর দুদকের কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, সংসদ সদস্য জাফর আলমের ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে তার স্ত্রী শাহেদা বেগম সরকারি জমি, চিংড়ির ঘের, জলমহাল দখল, মাদক কারবার, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এই অভিযোগের তদন্তের জন্য সংসদ সদস্য জাফর আলম ও তার স্ত্রী-সন্তানদের দুদক কার্যালয়ে ডাকা হয়।
তবে শাহেদা বেগমের দাবি, তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দিয়েছে।
স্ত্রীর সম্পদের অনুসন্ধানকে চিহ্নিত মহলের ষড়যন্ত্র বলে দাবি করে সংসদ সদস্য জাফর আলম বলেন, ৪ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল। এই কারণে আমি ২০ সেপ্টেম্বর পর্যন্ত দুদকে সময় চেয়েছি।
এ বিষয়ে দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, রোববার (৪ সেপ্টেম্বর) সংসদ সদস্য জাফর আলম ও তার স্ত্রী সন্তানরা দুদক কার্যালয়ে আসছেন না। দলীয় প্রোগ্রামের কারণে সংসদ সদস্য ব্যস্ত থাকবেন বলে কমিশনে সময় প্রার্থণা করেন। আগামী ২০ সেপ্টেম্বর তারা দুদক কার্যালয়ে হাজির হবেন। সূত্র-মহানগর।